নিজস্ব প্রতিবেদকঃ
নওগাঁ জেলায় অনলাইন জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অনলাইন জুয়া পরিচালনার সরঞ্জাম জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— আল আমিন (২৮), আল মামুন (২২), শাকিল বাবু (১৯), বদিউজ্জামান ওরফে বিপ্লব (২০), শাফায়েত রাব্বি (১৯), আরিফ হোসেন (৩০), মুশফিকুর রেজা ওরফে রাতুল (২২), রবিউল ইসলাম (২৬), নাইস বাবু (২৫), মো. রোমান বাবু ওরফে রিয়ন (২১), মো. নাজমুল হোসেন (২৭) এবং শাফায়েত ওরফে আপন (১৯)।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় আসামিদের হেফাজত থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত ১৫টি মোবাইল ফোন, ১১টি পিসি, ১১টি মনিটর, ১১টি কিবোর্ড এবং ৩টি ল্যাপটপ জব্দ করা হয়।
এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর ২০, ২২(২), ২৪(২) ও ২৭(২) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, জুয়া সেন্টারটির মূল পরিচালক আল আমিন। বিভিন্ন স্থান থেকে লোকজন এসে এই সেন্টারে অনলাইনে জুয়ায় অংশ নিত। এছাড়া অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল পরিমাণ ডলারের অবৈধ লেনদেনের তথ্যও পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে আরও ব্যাপক অনুসন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ প্রসঙ্গে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলা জুড়ে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে। আগামী দিনগুলোতে এ অভিযান আরও জোরদার করা হবে।”
মন্তব্য করুন