নিজস্ব প্রতিবেদক :
শিশু রামিসা আক্তারের মর্মান্তিক হত্যাকাণ্ডে গভীর শোক, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ। একই সঙ্গে তিনি সমাজে মানবিকতা, ন্যায়বোধ ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি সচেতন সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, “রামিসা আক্তারের নিষ্পাপ মুখ শুধুমাত্র একটি পরিবারের কান্না নয়, এটি পুরো সমাজের বিবেককে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। যে বয়সে একটি শিশু স্কুলব্যাগ কাঁধে স্বপ্ন দেখার কথা, সেই বয়সেই তাকে এমন নির্মমতার শিকার হতে হলো—এটি অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক।”
তিনি আরও উল্লেখ করেন, ঘটনার পর লাশ গুমের চেষ্টা সম্পর্কিত তথ্য সামনে আসা সমাজের জন্য চরম উদ্বেগের বিষয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার, যথাযথ চার্জশিট দাখিল এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
আফজাল হোসেন খান পলাশ বলেন, “আমাদের এখন নিজেদেরই প্রশ্ন করা উচিত—আমরা কোন সমাজে বসবাস করছি? একসময় মানুষ অন্যায়ের আগে নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থাকত। পরিবার, ধর্ম ও সামাজিক মূল্যবোধ মানুষকে সঠিক পথে পরিচালিত করত। কিন্তু বর্তমানে অনেক ক্ষেত্রেই সেই মূল্যবোধ দুর্বল হয়ে পড়ছে।”
তিনি আরও বলেন, সমাজে প্রতিটি ঘটনার পর সাময়িক প্রতিক্রিয়া দেখা গেলেও সময়ের সঙ্গে সঙ্গে তা ভুলে যাওয়ার প্রবণতা দেখা যায়। অথচ প্রকৃত পরিবর্তনের জন্য কেবল বিচার দাবি করাই যথেষ্ট নয়, পরিবার ও সমাজকে নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ গঠনে আরও দায়িত্বশীল হতে হবে।
জেলা পরিষদের প্রশাসক বলেন, “সন্তানকে শুধু সফল মানুষ হিসেবে গড়ে তোলা নয়, একজন সৎ ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলা প্রতিটি পরিবারের নৈতিক দায়িত্ব। রামিসার মৃত্যু যেন আরেকটি সাধারণ সংবাদে পরিণত না হয়, বরং এটি আমাদের বিবেক জাগ্রত করার উপলক্ষ হয়ে ওঠে।”
তিনি সমাজের সব স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
মন্তব্য করুন