
নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর :
“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬। এ উপলক্ষে বুধবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ফরিদপুরের উদ্যোগে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফরিদপুরের সহকারী পরিচালক মো. বেলাল উদ্দিন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। মানুষের জীবন ও সম্পদ রক্ষায় তারা জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।
তারা আরও বলেন, শুধু আগুন নিয়ন্ত্রণেই নয়, দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতেও ফায়ার সার্ভিসের অবদান উল্লেখযোগ্য। আধুনিক প্রযুক্তি ও সরঞ্জামের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও দক্ষ ও যুগোপযোগী করে তুলতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে বলেও বক্তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে অগ্নি নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবেলায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এর আগে সকালে জাতীয় পতাকা ও বিভাগীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধার কাজে ব্যবহৃত বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি প্রদর্শন করা হয়। এ সময় ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে ২০ থেকে ২২ মে পর্যন্ত ফরিদপুরে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মন্তব্য করুন