রেজাউল করিম, ফরিদপুর
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি—সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬।
মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
মেলার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সুধীজন, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।
ভূমি সেবা মেলায় সাধারণ মানুষের জন্য বিভিন্ন ধরনের ভূমি সেবা প্রদানের লক্ষ্যে একাধিক সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর পরিশোধ, অনলাইন ভূমি সেবা এবং ভূমি সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করা হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ২১ মে পর্যন্ত চলবে এ ভূমি সেবা মেলা। মেলার মাধ্যমে সাধারণ মানুষ সহজে, দ্রুত ও ঝামেলামুক্তভাবে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।
মন্তব্য করুন