ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবলুর রহমান খান। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অভিযোগ তদন্ত, মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্ট নিষ্পত্তিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
সোমবার (১৮ মে) সকালে ফরিদপুর পুলিশ লাইন্সের শহীদ ছালাম সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তার হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু এবং সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জানা গেছে, দায়িত্ব পালনে দক্ষতা, থানার বিভিন্ন অভিযোগ দ্রুত তদন্ত, মাদক উদ্ধার অভিযান জোরদার এবং ওয়ারেন্ট কার্যকর বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করা হয়।
উল্লেখ্য, এর আগেও গত ২৯ মার্চ ২০২৬ ফরিদপুর পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক কল্যাণ সভায় তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। পরপর দ্বিতীয়বার এই স্বীকৃতি অর্জন করায় সহকর্মী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
মন্তব্য করুন