নিজস্ব প্রতিবেদক , দৈনিক আজকের সকালের কণ্ঠ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। এ সময় তার কাছ থেকে ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৬ হাজার ৪০০ টাকা।
র্যাব সূত্রে জানা গেছে, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি দল আলফাডাঙ্গা উপজেলার কৃষ্ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে শরিফুল শেখ (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক শরিফুল শেখ উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা এবং মৃত বদিয়ার শেখের ছেলে বলে জানা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তিনি বিভিন্ন উৎস থেকে ইয়াবাসহ অন্যান্য মাদক সংগ্রহ করে আলফাডাঙ্গাসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে।
র্যাব-১০ জানায়, উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরবর্তী কার্যক্রমের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
র্যাব-১০ এর মিডিয়া শাখার সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, মাদকের বিস্তার রোধে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন