
রাজবাড়ীর গোয়ালন্দঘাট উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে ৯৯ বোতল স্কাফ সিরাপ ও ১৮৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৫৮ হাজার টাকা।
শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন একটি মোটরসাইকেল ও প্রাইভেটকারে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে এসব মাদক উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেগমপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. মিলন হোসেন খান (৩৮), একতারপুর এলাকার মৃত হায়দার আলীর ছেলে মো. তরিকুল আহমেদ তারেক (৩৮), ভগবতীতলা এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে মো. শফিকুল ইসলাম (৪৮) এবং বরগুনার আমতলী উপজেলার বাসিন্দা মৃত দেলোয়ার হোসেন খানের ছেলে মো. জুবায়ের হোসেন জুয়েল (৩৫)।
র্যাব জানায়, অভিযানের সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও নগদ অর্থও উদ্ধার করা হয়।
র্যাবের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার মিলন হোসেন খানের বিরুদ্ধে একটি এবং তরিকুল আহমেদ তারেকের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন, মাদক নির্মূলে র্যাবের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। মাদকদ্রব্যের পাশাপাশি অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন