
মোকছেদুল ইসলাম
স্টাফ রিপোর্টার (নওগাঁ)
নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুরে মালিক সমিতির সঙ্গে বিরোধের জেরে তিন দফা দাবিতে ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালন করছেন কার-মাইক্রো চালক ও শ্রমিকেরা। গত ৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে টানা তিন দিন ধরে কার ও মাইক্রোবাস চলাচল বন্ধ রয়েছে।
চালকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—নজিপুর বাসস্ট্যান্ড থেকে মালিক সমিতির অফিস সরিয়ে নেওয়া, চাকরিচ্যুত চালকদের পুনর্বহাল এবং স্ট্যান্ডে এসে মালিক বা চালকদের সরাসরি যাত্রীদের কাছে ভাড়া ডাকা বন্ধ করা।
কার-মাইক্রো চালক সমিতির সাধারণ সম্পাদক সমর জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট ও অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।
চালকদের দাবি, মালিক সমিতির সঙ্গে বিরোধের বিষয়টি দ্রুত সমাধান করে স্বাভাবিকভাবে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হোক।
এ কর্মসূচিতে প্রায় ১০০টি কার-মাইক্রোবাস এবং ২৫০ জন চালক ও শ্রমিক অংশ নিচ্ছেন বলে জানান সংশ্লিষ্টরা। ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
মন্তব্য করুন