
রেজাউল করিম, ফরিদপুর
ফরিদপুরবাসীর দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা ছিল ফরিদপুরকে সিটি কর্পোরেশনে উন্নীত করা। সেই বহুল প্রত্যাশিত দাবির বাস্তবায়নে ইতোমধ্যে প্রশাসনিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু।
তিনি বলেন, ফরিদপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার প্রস্তাবটি প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১৬তম সভায় বিবেচিত হয়েছে এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এটি ফরিদপুরবাসীর জন্য অত্যন্ত আশাব্যঞ্জক ও গুরুত্বপূর্ণ একটি অগ্রগতি।
শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু বলেন, ফরিদপুরবাসীর দীর্ঘদিনের এই দাবিকে বাস্তব রূপ দেওয়ার লক্ষ্যে গত ৪ আগস্ট ২০২৬ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আধা-সরকারি পত্রের মাধ্যমে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছিল। সেখানে ফরিদপুরবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ও সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার যৌক্তিকতাও তুলে ধরা হয়।
তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে ফরিদপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার বিষয়টি এখন বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, “ফরিদপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে এই উদ্যোগ এগিয়ে নেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এটি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়; ফরিদপুরের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ও প্রত্যাশা পূরণের একটি গুরুত্বপূর্ণ সূচনা।”
তিনি বলেন, একটি সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার মাধ্যমে ফরিদপুরে নাগরিক সেবা আরও আধুনিক ও গতিশীল হবে। পাশাপাশি পরিকল্পিত নগরায়ণ, উন্নত যোগাযোগ ও অবকাঠামো, বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারের মাধ্যমে জেলার সামগ্রিক অর্থনৈতিক সম্ভাবনাও আরও বিকশিত হবে।
শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু বলেন, “ফরিদপুরকে একটি আধুনিক, পরিকল্পিত ও সম্ভাবনাময় নগর হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ চলছে। ফরিদপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার মাধ্যমে সেই উন্নয়নের পথ আরও সুগম হবে—এটাই আমাদের প্রত্যাশা।”
মন্তব্য করুন