
পেশাগত দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় নিহত মিরসরাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তাঁর ব্যাংকঋণ পরিশোধে পরিবারের হাতে ২ লাখ ৫৮ হাজার ৭৪ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ নিহত কর্মকর্তার স্ত্রী ফারজানা ইয়াসমিন পলির হাতে এ চেক তুলে দেন। বাহিনীর ওয়েলফেয়ার শাখার পক্ষ থেকে দেওয়া এই অর্থ দিয়ে প্রয়াত মোহাম্মদ আলাউদ্দিনের আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বকেয়া ঋণ পরিশোধ করা হবে।
গত ৫ জুলাই চট্টগ্রামের মিরসরাইয়ে পেশাগত দায়িত্ব পালনকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন মোহাম্মদ আলাউদ্দিন। তাঁর মৃত্যুর পর দাফন ও অ্যাম্বুলেন্স ভাড়া বাবদ তাৎক্ষণিকভাবে তাঁর পরিবারকে ৭৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল।
চেক হস্তান্তর অনুষ্ঠানে নিহত কর্মকর্তার বাবা এবং বাহিনীর ওয়েলফেয়ার শাখার পরিচালক এনামুল খাঁন উপস্থিত ছিলেন।
এসময় মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি পরিবারকে আশ্বস্ত করে বলেন, বিধি মোতাবেক প্রাপ্য সব সুবিধা দ্রুততম সময়ে নিশ্চিত করা হবে। ভবিষ্যতেও বাহিনীর পক্ষ থেকে পরিবারটির প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন