
‘কবীর-লালন ভাবসংগীত উৎসব’ শুরু হচ্ছে ১১ সেপ্টেম্বর
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আগামী ১১ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশের আট বিভাগ- ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও রংপুরে ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব’ আয়োজন করেছে লালন বিশ্বসংঘ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি মাঠে এ উৎসবের উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য ফজলুর রহমান।
প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশেষ অতিথি থাকবেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য ও লালন বিশ্বসংঘের চেয়ারম্যান দর্শনাচার্য প্রফেসর ইমেরিটাস ড. আনিসুজ্জামান। এতে স্বাগত বক্তব্য দেবেন লালন বিশ্বসংঘের প্রধান নির্বাহী আবদেল মাননান।
কবীর-লালন বিষয়ে নানামাত্রিক বিশেষজ্ঞ দৃষ্টিকোণ থেকে আলোকপাত করবেন আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্বের অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান, বিশিষ্ট উচ্চাঙ্গিক কণ্ঠশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. প্রিয়াঙ্কা গোপ, সুফি গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্যের অধ্যাপক ড. আহসানুল হাদী, লালনপন্থী প্রবীণ সাধক ফকির আবুল হোসেন শাহ্, কবীরপন্থী সাধক নিঝুম পাইনকা, গুরুদুয়ারা নানকশাহী ঢাকার পক্ষে ডা. এম কে রায় ও গবেষক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।
উৎসবে কবীর-লালন সংগীত নিবেদন করবেন কবীরপন্থী সম্প্রদায়, রবিদাসপন্থী সম্প্রদায়, নানকপন্থী সম্প্রদায়, ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ ও কবীর-লালন মিউজিক্যাল মিশন।
উৎসবের বিভাগওয়ারি পরবর্তী অনুষ্ঠানমালা আগামী ১৮ সেপ্টেম্বর বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে; ১৯ সেপ্টেম্বর খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে; ২৫ সেপ্টেম্বর শেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে; ২ অক্টোবর রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে; ৪ অক্টোবর রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে; ২৩ অক্টোবর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এবং ৩০ অক্টোবর সিলেট বিভাগের শ্রীমঙ্গলে জেলা পরিষদ মাল্টিপারপাস মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন