
নিজস্ব প্রতিবেদকঃ
ফরিদপুর পৌরসভার মালিকানাধীন জমি অবৈধ দখল থেকে উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পৌরসভার প্রায় পয়েন্ট ২৫ শতাংশ (০.২৫ শতাংশ) জমি দখলমুক্ত করা হয়। একই সঙ্গে ওই জমিতে গড়ে ওঠা একটি ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের গোয়ালচামট এলাকার হাজরাতলায় এ অভিযান পরিচালনা করা হয়।
পৌরসভা সূত্রে জানা গেছে, হাজরাতলা এলাকার বাসিন্দা কবির চৌধুরীর দখলে থাকা জায়গাটি পৌরসভার মালিকানাধীন জমির অংশ। দীর্ঘদিন ধরে সেখানে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছিল। পরে পৌর কর্তৃপক্ষের উদ্যোগে উচ্ছেদ অভিযান চালিয়ে জমিটি উদ্ধার করা হয়।
অভিযানের সময় এসকেভেটর দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানটির স্থাপনা ভেঙে ফেলা হয় এবং পৌরসভার জমিটি অবৈধ দখলমুক্ত করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোঃ হাই জকি, অতিরিক্ত সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, পৌরসভার সমাজ উন্নয়ন বিষয়ক কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আহাদুজ্জামান, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. শরিফুল হাসান, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) লাইজিং হোসেন রাজু, হিসাবরক্ষক কৃষ্ণ কুমার সাহা, কনজারভেনসি পরিদর্শক বিকাশ দত্তসহ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, পৌরসভার মালিকানাধীন জমি অবৈধ দখলমুক্ত করা এবং সরকারি সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে পর্যায়ক্রমে এ ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
মন্তব্য করুন