
অমিত সরকার, ব্যুরো চিফ, ফরিদপুর:
ফরিদপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উপলক্ষে গৌড় গোপাল আঙ্গিনার উদ্যোগে আলোচনা সভা ও রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রথযাত্রার শুভ উদ্বোধন করেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইউম জঙ্গী এবং গৌড় গোপাল আঙ্গিনার ম্যানেজিং ট্রাস্টি সজল প্রসাদ সিংহ রায়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বপন বোস।
আলোচনা সভা শেষে অতিথিরা আনুষ্ঠানিকভাবে রথযাত্রার সূচনা করেন। এরপর সুসজ্জিত রথটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শ্রী অঙ্গন পরিদর্শন শেষে পুনরায় নির্ধারিত স্থানে ফিরে আসে।
রথযাত্রাকে কেন্দ্র করে শহরে উৎসবের আমেজ বিরাজ করে। বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্ত, অনুরাগী ও দর্শনার্থীর উপস্থিতিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
মন্তব্য করুন