
রেজাউল করিম, ফরিদপুর:
ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের পরিমাপ ও মান নিশ্চিত করতে বিশেষ সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়, ফরিদপুর।
সোমবার (২৭ জুলাই ২০২৬) বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, ফরিদপুর এবং পদ্মা অয়েল লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম পিএলসি ও যমুনা অয়েল লিমিটেডের খুলনা ডিপোর প্রতিনিধিদের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সদর উপজেলার মেসার্স জোবাইদা ফিলিং স্টেশন, মেসার্স ফরিদপুর পেট্রোলিয়াম সার্ভিস, মেসার্স প্রগতি পেট্রোলিয়াম সার্ভিস, মেসার্স মিনিবাস ফিলিং স্টেশন, মেসার্স ইউনাইটেড ফিলিং স্টেশন এবং মেসার্স তানিয়া ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়।
পরিদর্শনের সময় প্রতিটি প্রতিষ্ঠানের ডিজেল, পেট্রোল ও অকটেন ডিসপেনসিং ইউনিটে জ্বালানি তেলের পরিমাপ সঠিক পাওয়া যায়। এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে জ্বালানি তেলের গুণগত মান পরীক্ষার জন্য পেট্রোল ও অকটেনের নমুনা সংগ্রহ করা হয়।
এছাড়া কয়েকটি প্রতিষ্ঠানের স্টোরেজ ট্যাংক এবং ট্যাংকলরির ক্যালিব্রেশনের মেয়াদ শেষ হওয়ায় দ্রুত তা নবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে ফরিদপুর পেট্রোলিয়াম সার্ভিস, প্রগতি পেট্রোলিয়াম সার্ভিস, মিনিবাস ফিলিং স্টেশন, ইউনাইটেড ফিলিং স্টেশন এবং তানিয়া ফিলিং স্টেশনের ক্ষেত্রে প্রয়োজনীয় ক্যালিব্রেশন নবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, ফরিদপুরের পরিদর্শক (মেট) মো. জুবায়ের আল সিদ্দিকী। এ সময় পদ্মা অয়েল লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম পিএলসি এবং যমুনা অয়েল লিমিটেডের খুলনা ডিপোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বিএসটিআই জানায়, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং জ্বালানি তেলের সঠিক পরিমাপ ও মান নিশ্চিত করতে এ ধরনের বিশেষ সার্ভিল্যান্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন