বিশেষ প্রতিনিধি, ফরিদপুর:
ফরিদপুরের ঐতিহ্যবাহী কবি জসীম উদ্দীন পল্লী মেলা আবারও আয়োজনের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন, অ্যাডভোকেট বশীর আহমেদ চৌধুরী, তৌহিদুল ইসলাম স্টালিন, মেহেদী হাসান মিঠু, বীর মুক্তিযোদ্ধা পাগলা বাবলু খান, পলাশ খান, মাহফুজ খান বাদল, আনিসুর রহমান ও শামীমা বেগম।
এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ চার বছর ধরে কবি জসীম উদ্দীন পল্লী মেলা অনুষ্ঠিত না হওয়ায় ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনে এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছে। একই সঙ্গে মেলাকে ঘিরে যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হতো, তা থেকেও বঞ্চিত হচ্ছেন জেলার সাধারণ মানুষ।
তারা বলেন, কবি জসীম উদ্দীন পল্লী মেলা কেবল একটি বাণিজ্যিক আয়োজন নয়; এটি ফরিদপুরের লোকজ ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির অন্যতম ধারক। দেশের বিভিন্ন প্রান্তের কারুশিল্পী, ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য এ মেলা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে ভূমিকা রাখে। মেলাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডও বাড়ে।
বক্তারা আরও বলেন, ফরিদপুরের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমুন্নত রাখতে আগামী বছর থেকেই নিয়মিতভাবে জসীম পল্লী মেলা আয়োজনের উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
মানববন্ধন ও সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে জেলা প্রশাসকের কাছে কবি জসীম উদ্দীন পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে একটি স্মারকলিপি প্রদান করা হয়।