রেজাউল করিম, ফরিদপুর
ফরিদপুরের নগরকান্দায় আয়োজিত এক সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দীর্ঘ সময় দেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ থেকে বঞ্চিত ছিল। নানা প্রতিবন্ধকতা ও নির্যাতনের মধ্য দিয়ে রাজনৈতিক কর্মীসহ সাধারণ মানুষকে কঠিন সময় পার করতে হয়েছে। তবে বর্তমানে গণতান্ত্রিক পরিবেশে মানুষ স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
শনিবার (১৮ জুলাই) বিকেলে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভাবুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত ‘শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি’ শীর্ষক সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের বাধা, হয়রানি এবং মিথ্যা মামলার মুখোমুখি হতে হয়েছে। অনেককে আদালতের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে, আবার কারাবরণও করতে হয়েছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নতুন পথচলা শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। একইভাবে তাঁর বাবা, সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানও দল-মত নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করেছেন। সেই আদর্শ অনুসরণ করে গত ১৭ বছর ধরে তিনি সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছেন। জনগণের সেবাকেই তিনি সবচেয়ে বড় দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং, বাল্যবিবাহ ও আত্মহত্যার মতো সামাজিক সমস্যাগুলো প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করতে হবে। সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অন্যায়ের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে পারলে অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব।
স্থানীয় বিরোধ, জমিজমা-সংক্রান্ত দ্বন্দ্ব এবং সামাজিক সংঘাত নিরসনে পারস্পরিক সহনশীলতা ও সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জনগণ ও প্রশাসনের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধি পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে।
এর আগে দিনব্যাপী সফরের অংশ হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে পরিদর্শন করেন। এছাড়া সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।