
নিজস্ব প্রতিবেদকঃ
সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী কর্মী মো. শাহেদ আহম্মেদের মরদেহ দেশে আনা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম।
নিহত শাহেদ আহম্মেদের পরিবারের পাশে দাঁড়াতে তাৎক্ষণিক আর্থিক সহায়তার ব্যবস্থাও করা হয়েছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে পরিবারটিকে মোট ৮৫ হাজার টাকা দেওয়া হয়। এর মধ্যে মরদেহ দাফন ও যাতায়াতের খরচ বাবদ ৩৫ হাজার টাকা এবং বিশেষ অনুদান হিসেবে ৫০ হাজার টাকা অন্তর্ভুক্ত রয়েছে।
এদিকে, শাহেদ আহম্মেদের নিয়োগকারী প্রতিষ্ঠান সা’দ আল ঈসা কন্ট্রাক্টিং কোম্পানির পক্ষ থেকে তাঁর বকেয়া বেতন-ভাতা ও সার্ভিস বেনিফিটের অর্থ পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব খাতে মোট ২৭ হাজার ৩৯৫ দশমিক ৬২ সৌদি রিয়াল, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ লাখ টাকা, রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের অ্যাকাউন্টে জমা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জমা হওয়া অর্থ শিগগিরই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে নিহতের পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।
প্রবাসে কর্মরত অবস্থায় শাহেদ আহম্মেদের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দেশে পৌঁছানোর পর পরিবারের সদস্যদের কাছে তা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।