শিমুল তালুকদার,সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সদরপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে এবং একটি বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওনের সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জুলাই আন্দোলনের যোদ্ধারা বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের রক্তের অবদান জাতি চিরদিন কৃতজ্ঞতার সাথে মনে রাখবে। শহীদদের আদর্শ ধারণ করে দেশপ্রেম, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি আগামী প্রজন্মের কাছে জুলাইয়ের সঠিক ইতিহাস ও শহীদদের বীরত্বগাথা তুলে ধরার ওপর জোর দেন বক্তারা।
অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন জুলাই যোদ্ধা আক্ষেপ প্রকাশ করে বলেন,
"যে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে আমরা জুলাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম, সেই কাঙ্ক্ষিত বৈষম্যহীন বাংলাদেশ আমরা এখনো পুরোপুরি পাইনি। দেশে যেন আর কোনো ফ্যাসিবাদের উদয় না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।"
একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই আন্দোলন নিয়ে যারা কটাক্ষ বা অপপ্রচার চালাচ্ছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন শাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুর হোসেন খান, উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ এবং ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ রনেন্দ্র রায় চৌধুরী।
এছাড়াও রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান, জামায়াতে ইসলামীর আমির দেলোয়ার হাওলাদার, গণঅধিকার পরিষদের নেতা জাহিদ হাসান ও হৃদয় হাওলাদার।
অনুষ্ঠানে আরও অংশ নেন জুলাই যোদ্ধা রাকিবুল হাসান, হাবিব সিয়াম, নুসরাত জাহান লরী, তরিকুল ইসলাম, প্রবাসী হিমেল দেওয়ানসহ আন্দোলনে আহত ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
সভার শেষ পর্যায়ে জুলাই আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।