রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। এ সময় অস্ত্র রাখার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
র্যাব-১০ জানায়, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে রোববার (২৭ জুলাই) সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত র্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর থানার রামকান্তপুর ইউনিয়নের কৈডাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় আলম সরদার ও মো. বাহাদুর বিশ্বাসের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি ব্রিটিশ কাটাওয়ে রাইফেল, একটি একনলা বন্দুক এবং তিনটি দেশীয় ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো জব্দ করেছে র্যাব।
ঘটনাস্থল থেকে আলম সরদার (৪০), মো. ইব্রাহিম শেখ (৪৪), মো. বাহাদুর বিশ্বাস (৫৮), মো. ফয়সাল চৌধুরী ওরফে ফরিদ (৩৭) এবং রাজু আহমেদ টোকন (৪৫)-কে আটক করা হয়।
র্যাবের তথ্যমতে, আটক ইব্রাহিম শেখের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া ফয়সাল চৌধুরী ওরফে ফরিদের বিরুদ্ধে একটি অস্ত্র ও একটি চাঁদাবাজির মামলা এবং রাজু আহমেদ টোকনের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি ও ডাকাতিসহ একাধিক মামলা চলমান রয়েছে।
র্যাব-১০ জানায়, অবৈধ অস্ত্রের উৎস শনাক্ত, অস্ত্রধারীদের আইনের আওতায় আনা এবং সন্ত্রাস দমনে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড সংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা।