নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পশ্চিম বালিয়াকান্দি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) রাত প্রায় ৭টা ৪৫ মিনিটে বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করে র্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প।
অভিযান চলাকালে পশ্চিম বালিয়াকান্দি এলাকার বাসিন্দা মো. সুজন শেখ (৩৩)-এর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৮০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। পরে পরিবেশ ও মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে উদ্ধার হওয়া জাল ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫(২) ধারা অনুযায়ী মো. সুজন শেখকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
র্যাব জানিয়েছে, দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং নিষিদ্ধ কারেন্ট জালের উৎপাদন, ব্যবহার ও বিপণনের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।