
নিজস্ব প্রতিবেদক, দৈনিক আজকের সকালের কন্ঠ
ফরিদপুরের স্বাস্থ্যসেবা খাতে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে। জেলার অন্যতম প্রধান চিকিৎসা প্রতিষ্ঠান ফরিদপুর জেনারেল হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদ।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়। গত ১৫ জুন প্রকাশিত ওই প্রজ্ঞাপনে হাসপাতালটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে নায়াব ইউসুফ আহমেদ এমপিকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত আদেশে বলা হয়, হাসপাতালের কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও জনমুখী করতে এ কমিটি কাজ করবে। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে সমন্বয় বৃদ্ধি এবং রোগীদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করতে কমিটির ভূমিকা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
ফরিদপুর জেনারেল হাসপাতাল দীর্ঘদিন ধরে জেলার পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকার মানুষের চিকিৎসাসেবার অন্যতম ভরসাস্থল হিসেবে কাজ করে আসছে। প্রতিদিন বিপুল সংখ্যক রোগী এ হাসপাতাল থেকে চিকিৎসাসেবা গ্রহণ করেন। ফলে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও সেবার মান উন্নয়নে কার্যকর নেতৃত্বের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল।
সংশ্লিষ্টদের মতে, সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদের নেতৃত্বে হাসপাতালের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল হবে। চিকিৎসাসেবার মান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, জনবল সংকট নিরসন এবং রোগীদের ভোগান্তি কমাতে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।
এদিকে তাঁর এই মনোনয়নকে স্বাগত জানিয়েছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নতুন নেতৃত্ব হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কার্যকর ভূমিকা পালন করবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়ক হবে।
ফরিদপুরের স্বাস্থ্যখাতকে আরও আধুনিক, সুশৃঙ্খল ও সেবামুখী করে তুলতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে নায়াব ইউসুফ আহমেদের এই নতুন দায়িত্ব গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জেলার সচেতন মহল আশাবাদ ব্যক্ত করেছেন।