
রেজাউল করিম, ফরিদপুর
ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের কুজুরদিয়া গ্রামে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী ফারুক বেপারী (৫০)-এর বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার ও ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভ ও স্লোগান দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মামলার এজাহার অনুযায়ী, গত ২১ অক্টোবর ২০২৬, বিকেল সাড়ে ৪টার দিকে অভিযুক্তের নাতনির সঙ্গে খেলছিল শিশুটি। এ সময় ফারুক বেপারী শিশুটিকে ডেকে নিজের ঘরে নিয়ে যান এবং সেখানে তার পায়জামা খুলে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় শিশুটির মুখের বাম পাশে কামড় দিয়ে জখম করার অভিযোগও রয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, শিশুটির চিৎকার শুনে অভিযুক্তের স্ত্রী আম্বিয়া বেগম দরজার কাছে গেলে শিশুটি ঘরের পেছনের দরজা দিয়ে বেরিয়ে নিজের বাড়িতে চলে যায়। পরে কান্নাকাটি করতে করতে মায়ের কাছে ঘটনার কথা জানায়।
শিশুটির মায়ের অভিযোগ, ঘটনার পর অভিযুক্তের স্ত্রীসহ কয়েকজন আত্মীয় তাঁদের বাড়িতে গিয়ে বিষয়টি প্রকাশ না করার অনুরোধ করেন। এ সময় পাঁচ হাজার টাকা দেওয়ারও চেষ্টা করা হয় বলে তিনি দাবি করেন। টাকা নিতে অস্বীকৃতি জানালে বিছানার ওপর টাকা রেখে তাঁকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় শিশুটির মা ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর অভিযুক্তের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাঁরা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ফারুক বেপারীর বাড়িতে গেলে সেটি তালাবদ্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে এবং ভুক্তভোগীরা যাতে ন্যায়বিচার পান, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।