রেজাউল করিম, ফরিদপুর
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
সভায় জানানো হয়, চলতি বছর ফরিদপুর জেলার ৭৮১টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুস্মিতা সাহা, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি, ফরিদপুর পৌরসভার প্রশাসক মো. ইলিয়াছুর রহমান, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. বেলাল উদ্দিন, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম এ হালিম, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান কুমার সাহাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলো চিহ্নিত করে সেখানে পর্যাপ্ত পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক মোতায়েনের সিদ্ধান্তের কথা জানানো হয়।
এছাড়া সব পূজামণ্ডপকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা, পর্যাপ্ত আলোকসজ্জা, অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা এবং বিদ্যুৎ সংযোগ, বৈদ্যুতিক তার ও জেনারেটর ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
চুরি, ছিনতাই, মাদক, ইভটিজিং, নারী ও শিশু হয়রানিসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। পূজা চলাকালে শহরে অবৈধ মোটরসাইকেলের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত এবং ডিজে গান পরিহার করে ধর্মীয় ও শালীন সাংস্কৃতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।
সভায় আরও যানজট নিয়ন্ত্রণ, মণ্ডপ ও আশপাশের এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা, সুপেয় পানি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি প্রতিমা বিসর্জনের সময় নদী ও জলাশয়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন কমিটি এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতায় ফরিদপুরে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।