রেজাউল করিম, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে বিশ্ব মান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), ফরিদপুরের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল গফুর রায়হান, ফরিদপুর বিএসটিআই ফরিদপুর এর উপ-পরিচালক মোঃ কামাল হোসেন। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা।
আলোচনা সভায় বিশ্ব মান দিবসের তাৎপর্য, পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ, ভেজাল ও নিম্নমানের পণ্য প্রতিরোধ এবং ভোক্তা অধিকার সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এ সময় বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে পণ্যের নির্ধারিত মান বজায় রাখা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে উৎপাদক, ব্যবসায়ী, সংশ্লিষ্ট সরকারি দপ্তর এবং ভোক্তাদের সম্মিলিতভাবে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, বাজারে নিম্নমানের ও মানহীন পণ্যের বিস্তার রোধে নিয়মিত তদারকি, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর কার্যকর প্রতিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
আলোচনা সভায় বিশ্ব মান দিবসের লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।