ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে পৃথক অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, পাঁচ রাউন্ড তাজা গুলি, দুটি ককটেল, বিভিন্ন দেশীয় অস্ত্র, ওয়াকিটকি ও ইয়াবাসহ সাফায়েত আহমেদ (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি-১০)।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ফরিদপুর কোতয়ালী থানার উত্তর কালীবাড়ি ও নীলটুলি এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।
এসআরবি-১০ সূত্রে জানা যায়, ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে উত্তর কালীবাড়ি এলাকায় জেনারেল হাসপাতালের একটি পরিত্যক্ত ভবনে মাদক কেনাবেচার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন মাদকসেবী পালিয়ে যায়। পরে ভবনটিতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এর কয়েক ঘণ্টা পর সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে নীলটুলি এলাকার একটি আবাসিক ভবনে অভিযান পরিচালনা করে এসআরবি-১০। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সাফায়েত আহমেদকে আটক করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরে তল্লাশি চালিয়ে দুটি ককটেল, একটি খেলনা রিভলবার, একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, একটি ছুরি, একটি সুইচ গিয়ার, একটি ওয়াকিটকি, একটি ট্রেজার গান, ২৫ রাউন্ড গুলির খোসা, ১০ পিস ইয়াবা ট্যাবলেট, সেনাবাহিনীর দুটি ক্যাপ, এপিবিএনের একটি ক্যাপ এবং সেনাবাহিনীর একটি কোমর বন্ধনী উদ্ধার করা হয়।
এসআরবি-১০ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাফায়েত দীর্ঘদিন ধরে নিজেকে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় প্রতারণা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসার কথা স্বীকার করেছেন।
এ ছাড়া তিনি ফরিদপুর কোতয়ালী থানায় দায়ের করা একটি মাদক মামলা এবং একটি সন্ত্রাসবিরোধী মামলার এজাহারনামীয় আসামি বলেও জানিয়েছে এসআরবি-১০।
আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।