
রেজাউল করিম, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের দয়ারামপুর এলাকায় চার বছর বয়সী শিশু তিথিকে ধর্ষণের অভিযোগে রাজ্জাক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাবার মৃত্যুর মাত্র তিন দিন পর শিশুটির সঙ্গে ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর শিশুটির বাবা মারা যান। পরিবারের সদস্যরা যখন শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছেন, ঠিক সেই সময় গত ৭ অক্টোবর বুধবার সন্ধ্যার পর শিশুটির সঙ্গে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, বাবার কবরস্থানের দিকে যাওয়ার সময় শিশুটিকে একা পেয়ে রাজ্জাক তাকে ধর্ষণ করেন।
এ সময় স্থানীয় এক নারী বিষয়টি বুঝতে পেরে এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে শিশুটিকে বাড়িতে নিয়ে আসা হলে তার মা ও পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। শিশুটির কাছ থেকে ঘটনার বিবরণ শোনার পর তাকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, ঘটনার পর অভিযুক্ত রাজ্জাক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বৃহস্পতিবার (৮ অক্টোবর) চণ্ডীপুর এলাকা থেকে স্থানীয় কয়েকজন যুবক তাকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
শিশুটির মা এ ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্বামীকে হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই মেয়ের সঙ্গে এমন মর্মান্তিক ঘটনা ঘটায় তিনি ভেঙে পড়েছেন। তিনি বলেন, এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো শিশুকে এমন নির্যাতনের শিকার হতে না হয়।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ক্ষোভ বিরাজ করছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, শিশুটির যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তের সর্বোচ্চ আইনানুগ শাস্তি দাবি করেছেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় শুক্রবার (৯ অক্টোবর) মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকার তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
শিশুর প্রতি যৌন সহিংসতার মতো গুরুতর অপরাধের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।