
শেখ তানভীর আহমেদ
শতবর্ষের ঐতিহ্য ও গৌরবময় ইতিহাসের স্মারক ফরিদপুরের বাকীগঞ্জ ইসলামিয়া কামিল (এম.এ.) মাদ্রাসায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পুনর্মিলনী এবং গুণীজন সংবর্ধনা-২০২৬। পুরোনো দিনের স্মৃতিচারণ, পারস্পরিক সৌহার্দ্য আর শিক্ষাপ্রতিষ্ঠানের অগ্রযাত্রার প্রত্যাশায় শনিবার (২৪ অক্টোবর) ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া এলাকার হাফেজ ডাঙ্গীতে মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় মাদ্রাসার কর্মকর্তা, সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
পুনর্মিলনীতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মিলন ঘটে। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। এ আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের দীর্ঘদিনের ঐতিহ্য, শিক্ষা কার্যক্রম ও প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে বর্তমান প্রজন্মের সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, শতবর্ষী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠানটির ঐতিহ্য ধরে রাখা, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ অগ্রযাত্রা ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
এ সময় বক্তারা আগামী বছরের মধ্যে মাদ্রাসাটি জাতীয়করণের উদ্যোগ গ্রহণের দাবি জানান। তাঁদের মতে, প্রতিষ্ঠানের দীর্ঘ ইতিহাস, ঐতিহ্য ও শিক্ষা ক্ষেত্রে অবদান বিবেচনায় নিয়ে জাতীয়করণের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা উচিত। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন তাঁরা।
পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানটি সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং শতবর্ষী এ শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় নিয়ে শেষ হয়।