
রেজাউল করিম -ফরিদপুর
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের কানাইপুরের তেঁতুলতলা এলাকায় বালুবোঝাই ট্রাক, প্রাইভেটকার ও অটোরিকশার মধ্যে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তিনজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল পৌনে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে মাগুরার দিকে যাচ্ছিল বালুবোঝাই একটি ট্রাক। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার এবং কানাইপুর থেকে ফরিদপুরগামী একটি অটোরিকশার সঙ্গে যানটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রাকটি উল্টে অটোরিকশার ওপর পড়লে হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস ও করিমপুর হাইওয়ে থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। অটোরিকশার যাত্রী সুমী আক্তার (৪০) ও শিশু শাওন (৮)–কে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। পরে বালুর স্তূপের নিচ থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।
নিহত সুমী আক্তার ও শিশু শাওনের বাড়ি মাগুরার মোহাম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের মহেশপুর গ্রামে বলে জানা গেছে। দুর্ঘটনায় আহত অপর তিনজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কের উভয় পাশে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন বলে জানা গেছে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।