
নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর শহরের চানমারী এলাকার একটি ছাত্রাবাসে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে তিন যুবককে আটক করে থানায় নিয়েছে পুলিশ। শনিবার (২০ জুন) বিকেলে কমলাপুর মহল্লার ওই ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, অভিযোগের ভিত্তিতে প্রথমে পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের মধ্যে তিনজনকে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। বাকি দুই শিক্ষার্থীকে পরিবারের সদস্যদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
থানায় নেওয়া তিনজন হলেন— সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী জিহাদ হোসেন (২৮), নিউমার্কেট এলাকার ব্যবসায়ী বাবু খান (৩৮) এবং গোয়ালচামট এলাকার বাসিন্দা কৃষ্ণ মণ্ডল (৩০)।
মেসের কয়েকজন বাসিন্দা জানান, কয়েকদিন আগে হাসান রাজ নামে এক শিক্ষার্থী ওই ছাত্রাবাসে ওঠেন। তার কিছু কর্মকাণ্ড নিয়ে অন্য বোর্ডারদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে মেসের শিক্ষার্থীরা খোঁজখবর শুরু করেন।
তাদের ভাষ্য অনুযায়ী, হাসান রাজ ও আরিয়ান নামে আরেক শিক্ষার্থীর ব্যবহৃত মোবাইল ফোনে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কয়েকটি ব্যক্তিগত গ্রুপের তথ্য পাওয়া যায়। এরপর কৌশলে ওই গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকজনকে ছাত্রাবাসে ডাকা হলে স্থানীয়রা তাদের আটক করে এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন।
আটকদের একজন বাবু খান বলেন, একটি স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যাতায়াতের মাধ্যমে কয়েকজনের সঙ্গে তার পরিচয় হয়েছিল। অন্যদিকে জিহাদ হোসেন দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরেই তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগে আসেন।
খবর পেয়ে কোতোয়ালি থানার এসআই মোহাম্মদ শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তিনজনকে থানায় আনে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।